
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ মো. তামিম রানা (৩৫) নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে আখাউড়া উপজেলা সদরের দেবগ্রাম নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তামিম রানা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৫ ব্যাটালিয়নের অধীন রাঙামাটির বরকল সীমান্ত ফাঁড়িতে সিপাহি পদে কর্মরত। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে আখাউড়ার দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালায় আখাউড়া থানা পুলিশের একটি দল। এ সময় তামিম রানাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করেন পুলিশ সদস্যরা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটক বিজিবি সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।









