
ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন— রিদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ।
জানা যায়, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান চার লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১১ জন আনসার সদস্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।







