বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

রাইজিং কুমিল্লা ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৩ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে আটক চার যুবকের বিরুদ্ধে তাৎক্ষণিক শুনানি শেষে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন-জুয়েল (২১), পিতা তাজুল ইসলাম; তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে,  আসাদুল (২৬), পিতা মৃত সাফু মিয়া, গ্রাম মাধবপুর; তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়, মো. বাছির (২০), পিতা সুলতান আহাম্মদ, গ্রাম সিদলাই; তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মো. রানা (১৯), পিতা হুমায়ুন কবীর, গ্রাম সিদলাই; তাকেও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক সেবনের অপরাধে হাতেনাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন