
ফেনীর সদর উপজেলার ফতেহপুর এলাকায় র্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী র্যাবের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। এর আগে বুধবার (১ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কক্সবাজার সদর থানার লাইট হাউস পাড়া এলাকার মৃত সৈয়দ আমীনের মেয়ে নুরন্নাহার বেগম (৫০) এবং চকরিয়া থানার ফুলছড়ি এলাকার নুরুল আলমের মেয়ে তসলিমা আক্তার (৩৫)।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী র্যাবের একটি আভিযানিক দল ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে যাত্রীবেশে থাকা দুই নারী তাদের সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ ও শপিং ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন।
পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফেনী র্যাবের অধিনায়ক মিজানুর রহমান জানান, আটক দুই আসামি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









