মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

বৈশাখেই আসছে কৃষক কার্ড, কুমিল্লা আদর্শ সদরসহ ১১ উপজেলায় শুরু পরীক্ষামূলক কার্যক্রম

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Farmer card coming in Boishakh, pilot program begins in 11 upazilas including Comilla Adarsh ​​Sadar
বৈশাখেই আসছে কৃষক কার্ড, কুমিল্লা আদর্শ সদরসহ ১১ উপজেলায় শুরু পরীক্ষামূলক কার্যক্রম/ছবি: সংগৃহীত

অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে দেশের কৃষকদের জন্য বহুল আলোচিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি। নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে প্রাথমিকভাবে কুমিল্লা আদর্শ সদরসহ ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকের হাতে এ কার্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পহেলা বৈশাখে টাঙ্গাইল সদরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হবে এই উদ্যোগ, সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন জানান, এটি একটি প্রি-পাইলটিং প্রকল্প, যার মাধ্যমে কৃষকদের জন্য ডিজিটাল ও প্রাতিষ্ঠানিক সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকরভাবে পরীক্ষা করা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, কার্ডধারী কৃষকরা ভর্তুকি, প্রণোদনা, কৃষিঋণ এবং অন্যান্য সরকারি সেবা সহজে ও সরাসরি পাবেন। ফলে কৃষিখাতে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি সেবাপ্রাপ্তিতে জটিলতাও কমবে বলে আশা করা হচ্ছে।

এই কর্মসূচির আওতায় যেসব উপজেলায় কার্যক্রম চালু হচ্ছে সেগুলো হলো, পঞ্চগড় সদর, বোদা, শিবগঞ্জ, শৈলকূপা, নেছারাবাদ, টেকনাফ, কুমিল্লা আদর্শ সদর, ইসলামপুর, গোয়ালন্দ এবং জুড়ি উপজেলা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং তথ্যপ্রযুক্তি খাতের উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে সারাদেশের কৃষকদের আওতায় এনে একটি সমন্বিত ও ডিজিটাল কৃষি সহায়তা ব্যবস্থার ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

আরও পড়ুন