মঙ্গলবার ৭ জুলাই, ২০২৬

বেরোবিতে অবস্থান কর্মসূচির স্থানে লাগানো ফ্যান খুলে নেওয়ার অভিযোগ

বেরোবি প্রতিনিধি

বেরোবিতে অবস্থান কর্মসূচির স্থানে লাগানো ফ্যান খুলে নেওয়ার অভিযোগ
বেরোবিতে অবস্থান কর্মসূচির স্থানে লাগানো ফ্যান খুলে নেওয়ার অভিযোগ/ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচির স্থানে লাগানো বৈদ্যুতিক ফ্যান খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৫ জুলাই) প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় চলমান অবস্থান কর্মসূচির স্থানে তীব্র গরমের কারণে আন্দোলনকারীরা একটি বৈদ্যুতিক ফ্যান স্থাপন করেন। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি খুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

সোমবার (৬ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফ্যান ছাড়াই প্রচণ্ড গরমের মধ্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তারা হাতপাখা ব্যবহার করছেন।

গত ২৯ জুন থেকে পদোন্নতির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা।

তারা জানান, একাধিকবার পদোন্নতি বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও তা অনুষ্ঠিত হয়নি। ফলে তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া উপাচার্যের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ তাদের।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, সরকারের পক্ষ থেকে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা রয়েছে। আর যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তারা ফ্যান স্থাপনের জন্য কোনো অনুমতি নেননি। অনুমতি ছাড়া কীভাবে তারা ফ্যান স্থাপন করবেন?

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের থেকে নিষেধাজ্ঞা থাকায় আমরা তাদের পদন্নোতি দিতে পারছি না।

আরও পড়ুন