বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Will vote on the scales with a grain of rice on his chest-Hasnat Abdullah
বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ/ছবি: সংগৃহীত

বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায়—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি যশোরে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ‘ব্যালট বিপ্লব’-এর ডাক দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন,
‘এই নির্বাচন জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। একপক্ষ ভারতীয় গোলামীর পক্ষে এবং ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরেক পক্ষ জুলুম, অন্যায় ও বিদেশি গোলামীর বিরুদ্ধে ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। আমরা আর গোলামীর শৃঙ্খলে বন্দি থাকতে চাই না।’

ইনকিলাব মঞ্চে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন,
‘পুলিশ কোনো রাজনৈতিক দলের গোলাম নয়, পুলিশ দেশের ১৮ কোটি মানুষের। গত ১৭ বছরে যারা একটি দলের গোলামী করেছে, জুলাই বিপ্লবে তাদের পরিণতি আপনারা দেখেছেন।’

তিনি আরও বলেন,
‘এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশ কেমন হবে, তা নির্ভর করছে এই ভোটের ওপর। একটি ফ্যাসিস্ট শক্তি আবারও ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। তাই ১২ তারিখ সকাল ৭টার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না।’

পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর সদর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান এবং এনসিপির নেতা সাকিব শাহরিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা একযোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন