
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জেলা বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে জেলার আট উপজেলায় দুই হাজার করে মোট ১৬ হাজার বৃক্ষরোপণের ঘোষণা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বিএনপি জনগণের দল। তাই জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হবে। বিএনপি কোনো সুবিধাভোগীদের সংগঠন নয়; দলটি গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে।
তিনি নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান।
শেখ ফরিদ বলেন, রাজনীতি শুধু সভা-মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা এবং সমাজের কল্যাণে কাজ করাও রাজনৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, চাঁদপুরের প্রতিটি উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো বিভেদ, বিশৃঙ্খলা কিংবা ব্যক্তিস্বার্থকে প্রশ্রয় দেওয়া হবে না। দলের স্বার্থ, জনগণের স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলাই হবে প্রধান শক্তি।
সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া জেলার প্রতিটি উপজেলায় দুই হাজার করে বৃক্ষরোপণ, বিভিন্ন এলাকার পুকুর ও ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার, মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও জনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ মো. ইউনূস, ফরিদগঞ্জ বিএনপি নেতা মাহফুজুর রহমান টিপু, কচুয়া উপজেলা বিএনপি নেতা মাসুদ এলাহী সুভাষ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী প্রমুখ।








