শনিবার ২৯ আগস্ট, ২০২৬

বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: কুমিল্লায় সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - I do not want to compare the BNP with the Awami League right now- Sarjis Alam in Cumilla
বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: কুমিল্লায় সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না তারা। তবে বিএনপির কোনো নেতা-কর্মী চাঁদাবাজি, দখলদারি বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরের রামঘাট কনভেনশন হলে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা শুরু করেছে। আমরা এখনই সেই তুলনা করতে চাই না। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না। আমরা দুই দলকে আলাদা হিসেবেই দেখি।

তিনি আরও বলেন, ‘বিএনপির লোক পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে আমরা চাঁদাবাজ বলব। কারও জায়গা-জমি দখল করলে দখলদার বলব। ভেতরে ভেতরে মাদক ব্যবসা চালালে তাকে মাদক ব্যবসায়ী বলব। মনে রাখতে হবে, আমরা কাউকে ছাড় দেব না।

এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের হয়তো রক্তাক্ত করা হবে, কিন্তু আমরা আপস করব না। অন্যায়ের সঙ্গে আপস না করার কারণেই মানুষ আমাদের পছন্দ করে।

পুরোনো রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে সারজিস আলম বলেন, অতীতে দ্বিদলীয় রাজনীতিতে দিনের বেলা সংসদে একে অপরের বিরোধিতা করলেও রাতে ব্যবসা ও অর্থের ভাগাভাগি নিয়ে সমঝোতা হতো। এনসিপি এ ধরনের রাজনীতি করবে না।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি করতে পারলে মানুষ আর বিএনপির কথা চিন্তা করবে না।

কর্মশালায় এনসিপির কুমিল্লা মহানগরের আহ্বায়ক মো. সিরাজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় যুবশক্তি কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব আবদুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপি কুমিল্লা উত্তর জেলার সদস্যসচিব রবিউল মনির চৌধুরী, দক্ষিণ জেলার সদস্য সচিব সৈয়দ আহসান টিটু এবং মহানগরের সদস্য সচিব মাসুমুল বারী কাওসার।

আরও পড়ুন