
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) ডিবেইট ক্লাব আয়োজিত Inter-Department Debate Competition 2026-এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। সবুজে ঘেরা বাইউস্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং আত্মপ্রকাশের এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়।
বাইউস্ট ডিবেইট ক্লাবের জেনারেল সেক্রেটারি আনিকা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব।
বিচারকের দায়িত্বে ছিলেন ক্লাবের কো-অ্যাডভাইজার ইয়াকুব আলী, শারমিন আক্তার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আবদুর রহমান আসসাদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)।
এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিতর্ক প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু বিজয়ী নির্বাচন নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তোলা। তিনি বলেন, নিয়মিত বিতর্কচর্চা বিশ্লেষণী চিন্তাশক্তি, সমস্যা সমাধানের সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আজকের বিতর্ক ছিল অত্যন্ত উপভোগ্য ও শিক্ষণীয়। প্রতিযোগীদের যুক্তি, উপস্থাপনা এবং আত্মবিশ্বাস আমাদের অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে। এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
প্রতিযোগিতার সমাপনীতে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন এবং আইন বিভাগ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অতিথিদের দিকনির্দেশনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাইউস্ট ডিবেইট ক্লাব আয়োজিত Inter-Department Debate Competition 2026-এর সফল সমাপ্তি ঘটে।










