
ফেনীর দাগনভূঞা পৌরশহরে বাসের ধাক্কায় জুনায়েদ কাওছার সৌরভ (৩৪) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পৌরসভাসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
হাইওয়ে পুলিশের ওসি আসাদুল ইসলাম জানান, মঙ্গলবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ কাওছার সৌরভ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। চাকরির সুবাদে তিনি দাগনভূঞার দাসপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা ও পৌরসভার সাবেক কাউন্সিলর নজির আহমদের বরাত দিয়ে জানা যায়, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলযোগে পৌরসভা কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন সৌরভ। পথিমধ্যে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রকৌশলী জুনায়েদ কাওছার সৌরভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌরভের অকাল মৃত্যুতে দাগনভূঞা পৌরসভা পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ১১টায় চট্টগ্রামের বোয়ালখালীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
স্থানীয়রা এ দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।








