রবিবার ২৯ নভেম্বর, ২০২৬

ফজরের নামাজে মসজিদে মুসল্লির ঢল, ৫টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - A surge of worshippers at the mosque for Fajr prayers, the Rijalul Fajr initiative gains attention in over five countries.
ফজরের নামাজে মসজিদে মুসল্লির ঢল, ৫টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ

ফজরের নামাজে মসজিদে মুসল্লির উপস্থিতি বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। শিশু-কিশোর ও তরুণদের ছোটবেলা থেকেই মসজিদমুখী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘রিজালুল ফজর’ বা ‘মেন অব ফজর’ নামের এই কর্মসূচি ইতোমধ্যে আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সাড়া ফেলেছে। উদ্যোগটির প্রভাবে অনেক মসজিদে ফজরের জামাতে মুসল্লির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সম্প্রতি কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম ‘কুয়েত টাইমস’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতে ‘মেন অব ফজর’ কর্মসূচিকে কেন্দ্র করে ফজরের নামাজে মসজিদে মুসল্লিদের ব্যাপক সমাগম হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বায়ানের মোজা মুহাম্মদ সালেম মসজিদে ফজরের জামাতে অংশ নেন ৫০০ জনের বেশি মুসল্লি। তাঁদের মধ্যে অভিভাবকদের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক শিশুও ছিল।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, শিশু ও তরুণদের নিয়মিত মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায়ে অভ্যস্ত করে তোলা। একই সঙ্গে পরিবারের সদস্যদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় অনুশীলন ও মসজিদের প্রতি ভালোবাসা তৈরি করা।

কুয়েতে এই উদ্যোগের সূচনা করেন সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত। তাঁর আহ্বানে অভিভাবকেরা সন্তানদের নিয়ে মসজিদে ফজরের জামাতে অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, শৈশব থেকেই মসজিদে যাতায়াতের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে নামাজ ও ধর্মীয় অনুশীলনের প্রতি তাদের আগ্রহ আরও দৃঢ় হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোজা মুহাম্মদ সালেম মসজিদে আয়োজিত জামাতে প্রত্যাশার চেয়েও বেশি মুসল্লির সমাগম ঘটে। একপর্যায়ে মসজিদের ভেতরের স্থান ছাড়িয়ে বাইরের আঙিনাও মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

ওই দিন ফজরের নামাজে ইমামতি করেন শেখ আহমদ আল-নাফিস। জামাতে অভিভাবক ও শিশুদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ব্যক্তিত্ব ও সমাজকর্মীরাও কর্মসূচিতে যোগ দেন।

উদ্যোগটির উদ্যোক্তা বু জাররাহ মনে করেন, এটি কেবল ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বাড়ানোর কর্মসূচি নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক লক্ষ্য। এমন একটি প্রজন্ম গড়ে তোলাই তাঁদের উদ্দেশ্য, যাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হবে নামাজ ও মসজিদে যাতায়াত।

আফ্রিকার দেশ আলজেরিয়ায় একজন শিক্ষকের হাত ধরে ‘মেন অব ফজর’ উদ্যোগটির যাত্রা শুরু হয়। শিশুদের ফজরের নামাজে মসজিদে আসতে উৎসাহিত করতে সেখানে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। টানা ৪০ দিন মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করতে পারলে শিশুদের পুরস্কৃত করা হয়।

আলজেরিয়ায় শুরু হওয়া এই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে মরক্কো, সিরিয়া ও ফিলিস্তিনসহ উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে। এমনকি যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি মসজিদেও কর্মসূচিটি চালু হয়েছে।

ধর্মীয় অনুশীলনের পাশাপাশি পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং শিশুদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে অভিভাবকদের সম্পৃক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিভিন্ন দেশে এর বিস্তারের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে মসজিদমুখী করার একটি সম্মিলিত সামাজিক প্রচেষ্টা গড়ে উঠছে।

আরও পড়ুন