বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬

প্রবাসে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল আরও ৬ মাস

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Passport
ছবি: সংগৃহীত

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বে চালু করা বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু অথবা পুনঃইস্যুর জন্য আবেদন করতে পারবেন।

এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশ অনুযায়ী এ বিশেষ সুবিধার মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বৃদ্ধির ফলে যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়সীমার মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ পাবেন। এতে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে এবং ভ্রমণ, কর্মসংস্থান ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তারা বাড়তি সুবিধা পাবেন।

আরও পড়ুন