
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। পর্যায়ক্রমে পঞ্চম ধাপে আরও ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৪তম কমিশন সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে ধাপভিত্তিক নির্বাচনের সম্ভাব্য সংখ্যা তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১ হাজারটি, চতুর্থ ধাপে ৮০০টির কাছাকাছি এবং সর্বশেষ ধাপে প্রায় ৩৫০টি ইউনিয়নে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এসব সংখ্যা এখনো প্রাথমিক ও সম্ভাব্য পর্যায়ে রয়েছে। কোন ধাপে কোন কোন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেদিন নির্দিষ্ট ইউনিয়নগুলোর নাম জানতে পারবেন সংশ্লিষ্টরা।
প্রথম ধাপের নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি জানান, ২১ জানুয়ারিকে কেন্দ্র করে সময় নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রায় ৫০ দিন আগে-পরে ভোটগ্রহণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন।
পঞ্চম ধাপে ইউনিয়নের সংখ্যা তুলনামূলক কম রাখার কারণ ব্যাখ্যা করে সানাউল্লাহ বলেন, যেসব ইউনিয়নে আইনি জটিলতা কিংবা অন্য কোনো কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না, সেগুলো পরবর্তী সময়ে পঞ্চম ধাপে অন্তর্ভুক্ত করা যাবে। এ কারণেই শেষ ধাপে কিছু আসন খালি রাখার পরিকল্পনা করা হয়েছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন চলাকালে দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামগ্রিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করেন না। বরং কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।








