বুধবার ১১ মার্চ, ২০২৬

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Postal Vote BD
পোস্টাল ভোট বিডি/ছবি: রাইজিং কুমিল্লা কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৭৮৮ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। বুধবার দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য প্রকাশিত হয়।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত মোট ভোটারের মধ্যে—

পুরুষ ভোটার: ২ লাখ ৭০ হাজার ২১ জন ও নারী ভোটার: ২২ হাজার ৭৬৭ জন।

এ পর্যন্ত যেসব দেশ থেকে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন—

সৌদি আরব: ৮০,০৮৫; কাতার: ২২,৩৫০; যুক্তরাষ্ট্র: ২০,৫৭৬; সংযুক্ত আরব আমিরাত: ১৮,৬৫১; মালয়েশিয়া: ১৬,৭৬৭; সিঙ্গাপুর: ১৪,৭৭০; যুক্তরাজ্য: ১৩,৩৭১; ওমান: ১১,৪৫৭; কানাডা: ৯,৭৭৯; দক্ষিণ কোরিয়া: ৯,৫৮৫; ইতালি: ৯,৫৮১ ও অস্ট্রেলিয়া: ৮,২০৭।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররা তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ইসির বার্তায় জানানো হয়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যদের নিবন্ধন পরে সম্পন্ন হবে। তবে সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারদের তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিনের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে।

তিনি আরও বলেন, আউট অব কান্ট্রি ভোটিংয়ের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন পৃথিবীর যেকোনো দেশ থেকেই অ্যাপটি ব্যবহার করে ভোটার নিবন্ধন করা সম্ভব।

প্রবাসীদের অনুরোধে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ঠিকানা সংশোধনের সময় ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বর্ধিত করেছে নির্বাচন কমিশন।

অন্যান্য দেশ থেকে নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৯ ডিসেম্বর সকাল ৯টার পর আর ঠিকানা সংশোধনের সুযোগ নেই।

ইসির বার্তায় বলা হয়, “এ সাত দেশে ঠিকানা সংশোধনের সময় প্রবাসীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে।”

ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট সঠিকভাবে পৌঁছাতে হলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসী ভোটারদের অবস্থানরত দেশের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ও নির্ভুল ঠিকানা দিতে হবে।

প্রয়োজনে কর্মস্থলের ঠিকানা বা পরিচিত ব্যক্তির ঠিকানাও দেওয়া যেতে পারে। ঠিকানা অসম্পূর্ণ হলে ব্যালট পাঠানো সম্ভব হবে না।

পোস্টাল ব্যালট পেতে অবশ্যই ভোটদানকারী দেশে ব্যবহৃত স্থানীয় মোবাইল নম্বর দিয়ে অ্যাপে নিবন্ধন করতে হবে।
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করা যাবে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি উদ্বোধন করেন এবং মোট ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

আরও পড়ুন