শনিবার ২৮ মার্চ, ২০২৬

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৫০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Postal Vote BD
পোস্টাল ভোট বিডি/ছবি: রাইজিং কুমিল্লা কোলাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ১২ জন ভোটার নিবন্ধন করেছেন। সোমবার বেলা পৌনে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এই তথ্য জানানো হয়।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৭৮১ জন পুরুষ এবং ২১ হাজার ২৩১ জন নারী ভোটার।

দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখানে নিবন্ধন করেছেন ৬৩ হাজার ৩৪ জন। এরপর রয়েছে—

যুক্তরাষ্ট্র: ২০,০৪৯ জন, কাতার: ১৬,৩২৬ জন, সংযুক্ত আরব আমিরাত: ১৪,৮৬৩ জন, মালয়েশিয়া: ১৩,৭৪১ জন, সিঙ্গাপুর: ১৩,১৬৫ জন, যুক্তরাজ্য: ১২,০১৪ জন, দক্ষিণ কোরিয়া: ৯,৫৪৯ জন, কানাডা: ৯,৫০১ জন, ওমান: ৯,৪৫৩ জন, ইতালি: ৮,৩৯০ জন ও অস্ট্রেলিয়া: ৮,০৩৭ জন।

প্রবাসী বাংলাদেশিদের বিশেষ অনুরোধে ইসি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সময় ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বাড়িয়েছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ইসি জানিয়েছে— এই সময়ের পর আর ঠিকানা সংশোধনের সুযোগ থাকবে না।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ইসির বার্তায় বলা হয়— নির্বাচনী দায়িত্বে থাকা ভোটার, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই সুবিধা পাবেন। বিস্তারিত জানতে ইসির ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট সঠিকভাবে পৌঁছে দিতে হলে অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক। প্রয়োজনে কর্মস্থলের ঠিকানা বা পরিচিত কারও ঠিকানা ব্যবহার করতে বলা হয়েছে।

ইসির বার্তায় আরও বলা হয়েছে— সঠিক ঠিকানা ছাড়া ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।

এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবাসীদের জন্য অ্যাপে নিবন্ধন উন্মুক্ত ছিল। তবে পরে ইসি সিদ্ধান্ত পরিবর্তন করে সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ায়।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এখন সারা বিশ্বের যেকোনো দেশ থেকেই অ্যাপ ডাউনলোড করে প্রবাসী ভোটাররা নিবন্ধন করতে পারবেন।

১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে যে দেশ থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ব্যালট সঠিকভাবে পেতে হলে অবশ্যই পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান অপরিহার্য বলে জানিয়েছে ইসি।

আরও পড়ুন