
আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা সংসদ নির্বাচনসহ গণভোটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে নেয়া হবে এসব ভোট। এরই মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধন ও ভোটদানের প্রক্রিয়া শুরু হয়েছে।
আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ১১ হাজার ১৫৭ জনে। এদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ২৪ হাজার ৮৮৪ জন এবং ১ লাখ ৮৬ হাজার ২৭১ জন নারী।
দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধিত প্রবাসীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭২৯ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া, যেখানে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৯০৮ জন প্রবাসী।
এদিকে জেলা ভিত্তিক নিবন্ধনে সবচেয়ে এগিয়ে রয়েছে কুমিল্লা জেলা। বিভিন্ন দেশে অবস্থানরত এই জেলার ১ লাখ ৬৮ জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে সংসদের ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে। এই আসনের ১৫ হাজার ১৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা জেলা, যার নিবন্ধন সংখ্যা ৯৩ হাজারেরও বেশি। তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম জেলা থেকে নিবন্ধন হয়েছে ৮৩ হাজারেরও বেশি।
এর পরের অবস্থানে রয়েছে নোয়াখালী, যেখানে নিবন্ধন ৫৫ হাজারেরও বেশি। চাঁদপুর জেলা থেকে নিবন্ধন পাওয়া গেছে ৪২ হাজারেরও বেশি। এবং সিলেট জেলা থেকে নিবন্ধন ৪১ হাজারেরও বেশি।
ফেনী থেকে নিবন্ধন এসেছে ৩৭ হাজারেরও বেশি। ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই নিবন্ধন হয়েছে ৩৫ হাজারেরও বেশি। লক্ষ্মীপুর জেলাতেই নিবন্ধন হয়েছে ৩০ হাজারেরও বেশি।
অন্যান্য জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার নিবন্ধন ২১ হাজারেরও বেশি। মুন্সীগঞ্জ জেলায় নিবন্ধন ২২ হাজারেরও বেশি।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে শেষ সময় ৩১ ডিসেম্বর থাকলেও মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে-দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।









