মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাইজিং ডেস্ক

Voting by boat leads to the development of the country said Prime Minister Sheikh Hasina
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। নৌকা ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নতি হয়, জীবনমানের উন্নয়ন হয়।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানাই।’ আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন।

প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেওয়ার জনগণের জন্য কাজ করতে পারছে সরকার। আওয়ামী লীগ সরকারে এসে মানুষের জীবনমান উন্নয়ন করেছে। আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরও উন্নয়ন করতে পারি।

নৌকায় ভোট দেওয়ায় মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কোনো মানুষ যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষ অবহেলিত ছিল। তাদের মাথাপিছু আয় বাড়েনি। জীবনমান উন্নয়ন হয়নি। অবহেলার শিকার হয়েছে। বঙ্গবন্ধকে হত্যার পর ঝুঁকি নিয়ে দেশে এসেছি আপনাদের জীবনমান উন্নয়নের জন্য। আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে সকালে ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।

‘সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে যারা নিম্নবিত্ত তাদের জন্য ভর্তুকিমূল্যে খাবার তুলে দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সমাজের প্রতিটি শ্রেণির উন্নয়ন করছি। বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছি। এবারও নতুন বছরের ১ জানুয়ারি বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

তিনি বলেন, সকলের হাতে হাতে আজ মোবাইল। দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু করেছে আওয়ামী লীগ সরকার।

এর আগে নির্বাচনী প্রচারে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের সরকারি তারাগঞ্জ কলেজ মাঠে সভাস্থলে পৌঁছেন বেলা ১১টা ৫০ মিনিটে। সকাল থেকেই মিছিলযোগে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হতে শুরু করেন। রিকশা-ভ্যান কিংবা পায়ে হেঁটে দলে দলে নির্বাচনী সভায় যোগ দেন তারা।

আরও পড়ুন