মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

নিলামে বিক্রি হবে ২৮ হাজার কেজি মহিষের মাংস, চট্টগ্রামে মাইকিং

রাইজিং ডেস্ক

buffalo meat
মাংস। ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানিকৃত ২৮ হাজার কেজি মহিষের মাংস প্রকাশ্য নিলামে বিক্রির জন্য নগরীতে মাইকিং করেছে চট্টগ্রাম কাস্টমস। আজ সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নিলামে তুলে বিক্রি করা হবে এই মাংস।

রবিবার (৮ অক্টোবর) বিকেলে বন্দর এলাকায় কাস্টমসের উদ্যোগে এ বিষয়ে মাইকিং করা হয়। বিশেষ করে বাজার এলাকাগুলোতে প্রচারণায় প্রাধান্য দিচ্ছে সংস্থাটি।

কাস্টম হাউস সূত্রে জানা যায়, ভারত থেকে আমদানিকৃত মাংসগুলোর ওজন ২৭ হাজার ৯৮০ কেজি। হিমায়িত একটি কনটেইনারে মাংসগুলো আমদানি হয়েছে এ বছরেই। ৪০ ফুট লম্বা রেফার (শীততাপ নিয়ন্ত্রিত) কনটেইনার আমদানি করা এসব মহিষের মাংসের নিলামের জন্য সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকা। নিলামে ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। যারা সর্বোচ্চ দর দেবে তারা পণ্য পাবে।

নিলাম কাজ পরিচালনা করবে কাস্টমস অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান কে এম কর্পোরেশন। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় মাংস ক্রয়ের বিজ্ঞপ্তি ও ক্যাটালগ পাওয়া যাবে।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আবদুল হান্নান বলেন, নিলামে সাধারণত মাইকিং করা না হলেও প্রকাশ্য নিলামে মাইকিং করা হয়। এতে যেমন নিলামে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ে, তেমনি প্রতিযোগিতামূলক দর পাওয়ারও সুযোগ থাকে। এ জন্যই মহিষের মাংস যাতে নিলামে বিক্রি হয়, সে জন্য বন্দর এলাকার আশপাশে মাইকিং করা হয়েছে। এটি সফল হলে পর্যায়ক্রমে আপেলসহ বেশকিছু খাদ্যপণ্যের প্রকাশ্য নিলাম দেয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন