
দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সাজিয়ে তুলেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে দেশের দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল রোববার ১৪ জেলায় এবং আগের দিন শনিবার রাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। বদলি ও রদবদলের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।
জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনী তপশিল ঘোষণার পর থেকে ভোটের ফল গণনা পর্যন্ত এ কর্মকর্তারা যুক্ত থাকেন। এ দায়িত্ব পাওয়ার পর তারা পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ দেন। শেষ পর্যন্ত ভোটের মাঠের প্রশাসন সাজান তারা। আর পুলিশ সুপাররা আইনশৃঙ্খলার সার্বিক বিষয় দেখভাল করেন। শিগগির পুলিশ সুপার পদেও বদলি আসবে। একই সঙ্গে আরও কয়েকটি জেলায় ডিসি পদে পরিবর্তন আসতে পারে।
রোববার নতুন ডিসি নিয়োগ দেওয়া ১৪ জেলাগুলো হল- চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ ও মানিকগঞ্জ।
এর মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি এবং নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করা হয়েছে।
অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহ, খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলীকে জামালপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহারকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠির ডিসি করা হয়েছে।
এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-সচিব মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মো. সায়েমুজ্জামান পঞ্চগড়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. আল-মামুন মিয়া জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুর রহমান ময়মনসিংহ এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জের ডিসি করা হয়েছে।
এর আগে গত শনিবার রাতে নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা।
এদিকে যেসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেখানকার ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।








