মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচন ও গণভোট ঘিরে তিন স্তরের নিরাপত্তা: আইজিপি

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Three-tier security for elections and referendum-IGP
নির্বাচন ও গণভোট ঘিরে তিন স্তরের নিরাপত্তা: আইজিপি/ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স—এই তিনটি স্তরে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। সারাদেশে নিরাপত্তা দায়িত্ব পালনে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য কাজ করছেন।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

আইজিপি আরও বলেন, সারা দেশে ২৪ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং এসব কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার মাধ্যমে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। কোনো কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটলে প্রয়োজন হলে সেই কেন্দ্র, এমনকি সংশ্লিষ্ট আসনের ভোটও স্থগিত করা হতে পারে।

সংবাদ সম্মেলনে লুট হওয়া অস্ত্রের বিষয়েও কথা বলেন পুলিশের মহাপরিদর্শক। তিনি জানান, পুলিশের তালিকাভুক্ত ১ হাজার ৩৩০টি অস্ত্রসহ ব্যক্তি পর্যায়ে লুণ্ঠিত সহস্রাধিক অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।

আইজিপি বলেন, “কোনো কিছুই আমরা উড়িয়ে দিচ্ছি না; বরং সবকিছু বিবেচনায় নিয়েই নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।”

আরও পড়ুন