
নির্বাচন কমিশন (ইসি) আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগে-পরে মিলিয়ে তিনদিন ইঞ্জিনচালিত নৌ ও সড়কযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত), ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক ইত্যাদি বন্ধ থাকবে।
এ ছাড়া ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে কিছু ক্ষেত্রে এসব যান চলাচলে শিথিলতা থাকবে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ, আত্মীয়স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ দেখাতে হবে) ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত সড়ক ও নৌ-যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
নির্দেশনায় নিষেধাজ্ঞা আরোপ অথবা নিষেধাজ্ঞা শিথিল করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমতো মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের জন্য বলা হয়।










