রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Chief advisor urges swift recovery of weapons looted before elections
নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার/ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক বিফ্রিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে ড. ইউনূস এ নির্দেশনা দেন।

প্রেস সচিব জানান, প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় দুটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। বিভাগ দুটি হলো—‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’। এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

এছাড়া প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে নতুনভাবে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রেস সচিব আরও জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।

ভৌগোলিক, পরিবেশগত, বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা করার প্রস্তাবও সভায় অনুমোদিত হয়।

এদিকে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবার সম্প্রসারণের লক্ষ্যে চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা উপজেলাকে বিভক্ত করে আরও একটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁও জেলার একটি থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ হিসেবে প্রতিস্থাপনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন