শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে প্রাণ গেল দুই আনসার সদস্যের

রাইজিং কুমিল্লা ডেস্ক

নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে প্রাণ গেল দুই আনসার সদস্যের/ছবি: সংগৃহীত/রাইজিং কুমিল্লা গ্রাফিকস

চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর আরও একজন সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন শেষে কর্মস্থলে ফেরার সময় কর্ণফুলী টানেল এলাকায় ২৩ জন সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে সজোরে আঘাত হানে। ঘটনাস্থলেই অঙ্গীভূত আনসার সদস্য মোঃ আব্দুল জব্বারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আহত সদস্যদের দ্রুত চট্টগ্রামের বিএনএস হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আইসিইউতে স্থানান্তর করা হয়।

আজ দুপুর ২টা ৪০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অঙ্গীভূত আনসার সদস্য সুলতান মিয়া ইন্তেকাল করেন।

নিহত সুলতান মিয়া শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি সিএমএ দক্ষিণ জোনের পেট্রোল বাংলা আনসার গার্ডে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এদিকে পরপর দুইজন সদস্যের মৃত্যুতে বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাহিনীর সম্মানিত মহাপরিচালক নিহত সদস্যদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন