সোমবার ২ মার্চ, ২০২৬

দ্রুত স্বাভাবিক হবে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম: ভারতীয় হাইকমিশনার

রাইজিং কুমিল্লা ডেস্ক

দ্রুত স্বাভাবিক হবে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম: ভারতীয় হাইকমিশনার/ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যন্ত গভীর ও বহুমাত্রিক বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ চালিয়ে যাবে।

একই সঙ্গে তিনি ভিসা সংক্রান্ত বিদ্যমান জটিলতা দূর করে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এই সাক্ষাতে আসেন। আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়।

তিনি বলেন, বন্ধ থাকা বর্ডার হাট ও কয়েকটি স্থলবন্দর পুনরায় চালু করার বিষয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে বৈঠকে ভারতীয় অর্থায়নে চলমান বা সম্ভাব্য প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুন