
দেশে পৌঁছেছে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ধরনের টিকার নতুন চালান এসে পৌঁছায়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন।
তিনি জানান, এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকা এসেছে। এছাড়া বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রী বলেন, দেশে চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে সংকট তৈরি হয়েছিল, এই চালান তা কাটাতে সহায়তা করবে। সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এসব টিকা আনা হয়েছে। একই সঙ্গে নিয়মিত স্টকের টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহার করায় সংকট আরও তীব্র হয়েছিল।
সরদার সাখাওয়াত হোসেন আরও জানান, “মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে এনে সরকার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।” তিনি আশা প্রকাশ করেন, আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে এবং ভবিষ্যতে আর কোনো টিকার সংকট থাকবে না।









