
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যাঙ্গনে পরিচিত এক উজ্জ্বল নাম শাম্মী তুলতুল। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই কথাসাহিত্যিক একাধারে লেখক, উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, অনলাইন অ্যাকটিভিস্ট, সাংবাদিক, ভয়েস প্রেজেন্টার, দাবা খেলোয়াড় ও মডেল হিসেবে কাজ করে চলেছেন।
ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত শাম্মী তুলতুল দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লিখে আসছেন। তার লেখালেখির পরিসরে রয়েছে কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, মানবকণ্ঠ, আজাদী, রাইজিং কুমিল্লা, পূর্বকোণসহ সরকারি পত্রিকা শিশু ও নবারুণ। দেশের গণ্ডি পেরিয়ে জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউইয়র্ক, কানাডা ও প্যারিসের বাংলা পত্রিকাতেও নিয়মিত প্রকাশিত হচ্ছে তার লেখা।
একটি রক্ষণশীল পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় নিয়মিত সামাজিক অসঙ্গতি নিয়ে লেখালেখির মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন। নানা সামাজিক ও পারিবারিক বাধা অতিক্রম করে তিনি এগিয়ে চলেছেন নিজের কাজ ও স্বপ্ন নিয়ে। পিছুটানকে জয় করাই তার মূল লক্ষ্য।
বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। তার জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘চোরাবালির বাসিন্দা’, ‘পদ্মবু ও মনজুয়াড়ি’, ‘ভূত যখন বিজ্ঞানী’, ‘গণিত মামার চামচ রহস্য’ এবং ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’। বইগুলো পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বেস্টসেলার হিসেবেও পরিচিতি অর্জন করেছে।
শিশু ও কিশোরদের জন্যও তিনি নিয়মিত লিখে যাচ্ছেন গল্প। তার লেখা ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ গল্পটি দীপ্ত টিভিতে নাটক আকারে প্রচারিত হয়েছে। এছাড়া তার রচনায় নির্মিত ‘লাল শরবত’ নাটক সম্প্রচারিত হয়েছে সিটি এফএম-এ।
সম্প্রতি তার লেখা একটি গল্প ভারতের গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে, যা তার সাহিত্যজীবনে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে ভারতে নতুন বই প্রকাশের জন্যও তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।
শাম্মী তুলতুল “রুম টু রিড বাংলাদেশ”-এর নির্বাচিত লেখিকা হিসেবে সম্মাননা পেয়েছেন। সাহিত্য ও সৃজনশীল অবদানের জন্য অর্জন করেছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড এবং নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার। সম্প্রতি, গত ১২ মে কলকাতা থেকে উপন্যাসে অবদানের জন্য তিনি লাভ করেছেন “রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬”।
লেখালেখির পাশাপাশি নিয়মিত রেডিওতে খবর পাঠ এবং টেলিভিশনে আবৃত্তিও করেন তিনি। সম্প্রতি বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হিসেবেও কাজ করেছেন শাম্মী তুলতুল।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “বেগম রোকেয়া আমাদের আইডল। তার চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে গর্ব অনুভব করছি। তিনিও একজন লেখক ছিলেন এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”
দেশপ্রেম ও সংস্কৃতিচেতনায় উজ্জ্বল এই কথাসাহিত্যিকের লক্ষ্যও স্পষ্ট। তার ভাষায়, “লেখালেখির মাধ্যমে বিশ্বে নিজের দেশকে তুলে ধরাই আমার লক্ষ্য।”








