সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, বৃহস্পতিবার পর আরও বাড়বে গরম

রাইজিং ডেস্ক

Heatwave
প্রতীকি ছবি/সংগৃহীত

দেশজুড়ে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হলেও দ্রুত স্বস্তির কোন লক্ষণ নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত বর্তমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং শুক্রবার থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে শুরু করবে। তখন কোথাও কোথাও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত স্থায়ী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দেশের কোথাও কোথাও হালকা কালবৈশাখী হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে বৃষ্টি হলেও গরম অনুভূত হবে বেশি। তাই মূল তাপমাত্রা কিছুটা কম থাকলেও অনুভূত তাপমাত্রা ৪৪ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেছেন, বুধবার ও বৃহস্পতিবার তাপপ্রবাহের আওতাধীন এলাকা কিছুটা কমে গেলেও বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বিচ্ছিন্নভাবে বজ্রঝড় তেমন প্রভাব ফেলতে পারবে না, তবে কিছু এলাকার তাপপ্রবাহ কমে যেতে পারে।

তিনি আরও বলেছেন, শুক্রবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে এবং কোথাও কোথাও তা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

বর্তমানে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলায় তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

আরও পড়ুন