রবিবার ১৭ মে, ২০২৬

ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Comilla-Dhaka new alternative road planned, pressure on Dhaka-Chittagong highway will be reduced
কুমিল্লা-ঢাকা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের/ছবি: মিডিয়া রিলিজ

কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী এর আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী থেকে গোলাবাড়ি হয়ে আড়াইহাজার পর্যন্ত ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে স্থানীয় সরকার বিভাগ কুমিল্লা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন সিনিয়র সহকারী প্রকৌশলী মেহেদি হাসান।

প্রস্তাবনায় জানানো হয়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী থেকে গ্র্যান্ড ট্রাক রোড হয়ে গোলাবাড়ি দিয়ে গোমতীর উত্তর পাড় ঘেঁষে বুড়িচংয়ের পীর যাত্রাপুর, দেবিদ্বার, কোম্পানীগঞ্জ, মেটংঘর, শলপা, শ্রীকাইল, রামচন্দ্রপুর ও রূপসদী হয়ে বাঞ্ছারামপুর পর্যন্ত সড়কটি সম্প্রসারিত হবে।

এছাড়া আড়াইহাজার-বাঞ্ছারামপুর প্রস্তাবিত মেঘনা সেতুর মাধ্যমে কাঞ্চন ব্রিজ হয়ে সড়কটি ঢাকার ৩০০ ফিট সড়কের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, এই বিকল্প মহাসড়ক বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ অনেকাংশে কমবে। একইসঙ্গে কুমিল্লার উত্তরাঞ্চলের জনগণ রাজধানী ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগ সুবিধা পাবে।

এছাড়া গৌরিপুর থেকে হোমনা হয়ে বাঞ্ছারামপুর পর্যন্ত বিকল্প সড়কের সঙ্গে আলাদা সংযোগ স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন, সড়কটি বাস্তবায়ন হলে কুমিল্লা উত্তরাঞ্চল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিস্তীর্ণ জনপদ সরাসরি বন্দর ও রাজধানীর সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে শিল্প-কারখানা স্থাপন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। প্রস্তাবিত কসবা ইপিজেডও এ সড়ক থেকে বড় ধরনের সুবিধা পাবে বলে উল্লেখ করা হয়।

প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মফিজুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টুসহ বিভিন্ন উপজেলার সহকারী প্রকৌশলীরা।

আরও পড়ুন