শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রানারআপ ঢাকা কলেজ

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Chittagong University emerges as champion in TIBs inter-university debate, Dhaka College is the runner-up.
টিআইবির আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রানারআপ ঢাকা কলেজ

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রতিবাদী চেতনা জাগিয়ে তোলার প্রত্যয় নিয়ে শেষ হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। অন্যদিকে রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি।

শনিবার (২৮ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এম এরফান খান। একই বিশ্ববিদ্যালয়ের অর্নব মিত্র হয়েছেন ফাইনালের সেরা বিতার্কিক।

চ্যাম্পিয়ন দলের অন্য সদস্য সানজিদা মেহেনাজ তাসনিম। রানারআপ দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান। এবারের আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩২টি বিতর্ক দল অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে ড. ইফতেখারুজ্জামান বলেন, বিতর্কের মূল্যবোধের সঙ্গে টিআইবির আদর্শ ও লক্ষ্য একই সূত্রে গাঁথা। বিতর্কের মাধ্যমে যুক্তি, সহনশীলতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার যে চর্চা তৈরি হয়, তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিজয়ী। কারণ, এ আয়োজনের মধ্য দিয়ে তারা নতুন বিষয় সম্পর্কে জেনেছেন এবং যুক্তিনির্ভর চর্চার অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রতিযোগিতায় যে মূল্যবোধের অনুশীলন হয়েছে, তা বাস্তব জীবনেও ধারণ করে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রীয় সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় জীবনের বিভিন্ন অর্জনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিন দিনব্যাপী আবাসিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার জন্য অংশগ্রহণকারী বিতার্কিক ও বিচারকদের ধন্যবাদ জানান টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, পারস্পরিক সম্মান, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও যৌক্তিক চিন্তার যে চর্চা বিতার্কিকরা প্রতিযোগিতায় করেছেন, তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

এদিকে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা এবং বিতর্ক অঙ্গনে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করতে এবারের প্রতিযোগিতায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে অন্তত একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল।

উল্লেখ্য, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চতুর্থবারের মতো এ আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে টিআইবি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, রানারআপ দলকে ৩০ হাজার টাকা এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় সেরা আটটি দল পরবর্তী আয়োজনের জন্য নিবন্ধন সাপেক্ষে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

আরও পড়ুন