
আসন্ন বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি আজ, রোববার (২ নভেম্বর), সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষ— জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তাবলিগ জামায়াতের নেতারাও এ বিষয়ে সম্মতি জানিয়েছেন।’
তবে কোন পক্ষ (জুবায়েরপন্থি না সা’দপন্থি) আগে ইজতেমা করবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
ড. খালিদ হোসেন সাংবাদিকদের বলেন, দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ইজতেমার চূড়ান্ত তারিখ ঠিক করা হবে।
বৈঠকে যারা উপস্থিত ছিলেন: ইজতেমার তারিখ ও সার্বিক বিষয় নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।









