
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের ওপর ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠায়।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।










