মঙ্গলবার ৩ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে পুলিশের অভিযানে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে পুলিশের অভিযানে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার/ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাহিদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওয়ানকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ।

গ্রেপ্তার নাহিদ উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের গাজীবাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম হান্নান গাজী।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নুর।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হোসেন অংশ নেন।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার নাহিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন