মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে পুলিশের অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Former UP Chairman arrested in police raid in Chandpur.
চাঁদপুরে পুলিশের অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার/ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার মো. হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের ছেলে। তিনি চাঁদপুর জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। এছাড়া বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই ইউনিয়ন থেকে টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালন করা হয়েছে—এমন তথ্য পুলিশ জানতে পারে। এরপর তাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। পরে চাঁদপুর থেকে ফরিদগঞ্জে আসার পথে ইচলি চৌরাস্তা এলাকায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ফরিদগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন