শনিবার ৩ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে নিজ ঘরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

চাঁদপুরে নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সাপদী গ্রামের সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল্লাহ ওই এলাকার সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বাসসকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন