
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। প্রতিবছর দেশে প্রায় ৪০ থেকে ৫০ লাখ গবাদিপশু কোরবানি করা হয়। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই গরু। বাড়তি চাহিদাকে কেন্দ্র করে কিছু অসাধু খামারি কৃত্রিম উপায়ে স্টেরয়েড, হরমোন বা বিভিন্ন ইনজেকশন প্রয়োগ করে গরু মোটাতাজা করে থাকেন।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গরুর মাংস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। কৃত্রিমভাবে মোটাতাজাকরণ পশুর মাংস খেলে শরীরে পানি জমা, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, কিডনি ও যকৃতের জটিলতাসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই কোরবানির পশু কেনার সময় সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা।
যেভাবে চিনবেন ইনজেকশন দেওয়া গরু
দ্রুত শ্বাস-প্রশ্বাস নেয়
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরু সাধারণত দ্রুত শ্বাস নেয় এবং সামান্য হাঁটাহাঁটিতেই হাঁপিয়ে পড়ে। পশুটিকে ক্লান্ত ও দুর্বল দেখায়। এছাড়া এসব গরুর রানের মাংস তুলনামূলক নরম হয়ে থাকে।
অতিরিক্ত শান্ত স্বভাব
স্টেরয়েড বা হরমোন প্রয়োগ করা গরু অনেক সময় অস্বাভাবিকভাবে শান্ত থাকে। ঠিকমতো নড়াচড়া করতে চায় না এবং বেশিরভাগ সময় ঝিমিয়ে থাকে।
শরীরে পানি জমে যায়
অতিরিক্ত হরমোন ব্যবহারের কারণে গরুর শরীরে পানি জমে ফুলে যায়। আঙুল দিয়ে চাপ দিলে সেখানে গর্তের মতো দেবে যায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগে।
মুখে লালা বা ফেনা
অসুস্থ বা কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মুখে অতিরিক্ত লালা বা ফেনা দেখা যেতে পারে। সুস্থ গরুর ক্ষেত্রে এমনটা কম দেখা যায়।
খাবারে অনীহা
সুস্থ গরু সামনে খাবার ধরলে আগ্রহ নিয়ে খেতে শুরু করে। কিন্তু অসুস্থ বা ইনজেকশন দেওয়া গরু অনেক সময় খাবার খেতে চায় না এবং জাবর কাটতেও অনীহা দেখায়।
নাক ভেজা থাকবে
সুস্থ গরুর নাক সাধারণত ভেজা থাকে এবং পিঠের কুঁজ টানটান ও শক্ত হয়।
পা ও মুখ ফোলা
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর পা ও মুখ অনেক সময় ফুলে থাকে। শরীর থলথলে দেখায় এবং চলাফেরায় অলসতা দেখা যায়।
শরীরের তাপমাত্রা বেশি
অসুস্থ গরুর শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে পারে। এছাড়া পাতলা পায়খানা, মুখ দিয়ে লালা পড়া ও দুর্বলতা দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, কোরবানির পশু কেনার সময় শুধুমাত্র বাহ্যিক আকার দেখে সিদ্ধান্ত না নিয়ে পশুর স্বাভাবিক আচরণ, চলাফেরা ও স্বাস্থ্যগত বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তি বা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।









