বুধবার ১০ জুন, ২০২৬

কোয়ালিটি অ্যাশিউরেন্সে দক্ষতা বাড়াতে বাইউস্টে প্রশিক্ষণ আয়োজন

রাইজিং ক্যাম্পাস

Rising Cumilla -Training organized at Byuste to enhance skills in quality assurance
কোয়ালিটি অ্যাশিউরেন্সে দক্ষতা বাড়াতে বাইউস্টে প্রশিক্ষণ আয়োজন

শিক্ষা কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ এবং অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) “কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

সোমবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন দ্রুততম সময়ের মধ্যে অর্জন করা সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাইউস্ট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক সালমা পারভিন সুমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং ছাত্রকল্যাণ পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন প্রোগ্রামের সেল্ফ-অ্যাসেসমেন্ট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব, ভূমিকা এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের গুণগত মানোন্নয়ন কার্যক্রমে কার্যকরভাবে প্রয়োগ করবেন, যা ভবিষ্যতে অ্যাক্রেডিটেশন অর্জনের পথকে আরও সুগম করবে।

আরও পড়ুন