
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে প্রকৃত কৃষককে চিহ্নিত করে সহায়তা দিবে সরকার। কৃষি ঋণ, সার, বীজ ও প্রযুক্তি সহায়তা প্রদানে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রী রাজধানীর খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কর্মপরিকল্পনা ও বাজেট প্রাক্কলন সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি সচিব রফিকুল ই মোহামেদ এর সভাপতিত্বে সভায় কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, কৃষক কার্ড কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে। এ কার্ডের ব্যবহার করে কৃষক সরকারি বিভিন্ন কৃষি সহায়তা পাবেন। পাশাপাশি কৃষি উৎপাদন ও একটি ডাটাবেজের আওতায় আসবে। ফলে ফসলের অপচয় হ্রাস পাবে।
সভায় কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপনসহ কৃষি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসুচি বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, কৃষক কার্ড বাস্তবায়নের প্রি-পাইলটিং কার্যক্রমের ডাটা সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ২৯ মার্চ পর্যন্ত চলবে। আগামী পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ কর্মসুচির উদ্বোধন করবেন।







