
কুমিল্লা সেনানিবাসে ৫ মেগাওয়াটের বেশি ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন হেডকোয়ার্টারের সঙ্গে ২৫ বছরের পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে জিবিবি পাওয়ার।
কোম্পানির তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় কুমিল্লা ক্যান্টনমেন্টে ৫ দশমিক ০০৫ মেগাওয়াট পিক ক্ষমতার একটি গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। ওপেক্স/বুট (বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
চুক্তি অনুযায়ী, কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ (সিওডি) থেকে ২৫ বছর পর্যন্ত উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। জিবিবি পাওয়ার জানিয়েছে, প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন ২০২৭ সালের প্রথমার্ধে শুরু হতে পারে।
এদিকে, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পটির জন্য বিনিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানির তথ্যমতে, প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৬ কোটি টাকার বেশি হবে না।
সোলারন পাওয়ার লিমিটেড জিবিবি পাওয়ারের একটি সহযোগী প্রতিষ্ঠান। এতে জিবিবি পাওয়ারের মালিকানা রয়েছে ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিক সৌরবিদ্যুৎ খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারেরা।










