শনিবার ৪ জুলাই, ২০২৬

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে দুই পরীক্ষার্থী বহিষ্কার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

RisingCumilla - Board of Intermediate and Secondary Education, Cumilla
কুমিল্লা শিক্ষা বোর্ড/ছবি: সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় এক হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ছয় জেলার মোট ৭৩ হাজার ৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৮৯১ জন। অনুপস্থিত থাকে এক হাজার ৯৫৬ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬৫ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লায় সবচেয়ে বেশি ৬০৭ জন। এছাড়া নোয়াখালীতে ৪২৩ জন, চাঁদপুরে ২৯৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫৫ জন, লক্ষ্মীপুরে ২১১ জন এবং ফেনীতে ১৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

এদিকে, কুমিল্লা ও নোয়াখালীর দুটি পৃথক কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সার্বিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় তদারকি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লা — এই ছয় জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুন