
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন ‘লিবারেল মাইন্ডস’-এর উদ্যোগে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক-২০২৬’ সম্পন্ন হয়েছে।
এতে র্যালি, কেক কাটা, ফ্ল্যাশমুভ, অ্যাকাডেমিক ও ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার, খেলাধুলা, নবীনবরণ ও বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল এ উৎসবের সমাপ্তি ঘটে।
সোমবার (৯ নভেম্বর) র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
উদ্বোধনী দিনে হাড়িভাঙা খেলা ও ফ্ল্যাশ মবসহ বিভিন্ন ইভেন্ট ছিল। দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত দক্ষতা উন্নয়নে ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। তৃতীয় দিনে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, পিলো পাসিং, ক্যারাম, দাবা, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন ইনডোর গেমে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের হলরুমে নবীনবরণ ও বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে উৎসবের শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন বিভাগের ২০তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ১৩তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের প্রকাশনা ম্যাগাজিন ‘গ্রিন গ্লো’ -এর মোড়ক উন্মোচন করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীন বরণ ও প্রবীণ বিদায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সহযোগী অধ্যাপক মো. আলী রেজওয়ান তালুকদার,
ইংলিশ উইকের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. হারুন, সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হায়াত, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, ইসরাত জাহান নিমনী, তারিন বিনতে এনাম, প্রভাষক সাহিদা আফরিন, মো. বুলবুল আহমেদ,মো. ইমরান হোসেনসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন ‘লিবারেল মাইন্ডস’-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব বলেন, “শিক্ষক, সংগঠনের সদস্য ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় চার দিনব্যাপী ইংলিশ উইক সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। র্যালি, সেমিনার, খেলাধুলা, নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিভাগের শিক্ষক, আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে ইংলিশ উইককে আরও বৃহৎ পরিসরে উদ্যাপন করবে সেটাই প্রত্যাশা করি।”
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা আমাদের ইংরেজি পরিবারের বাগানের নতুন ফুল ও আমাদের নতুন অতিথি। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তোমাদের মনোযোগী হতে হবে। শুধু একাডেমিক সাফল্য নয়, তোমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, আর তোমাদের স্বপ্ন পূরণে বিভাগ সর্বদা পাশে থাকবে।”
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা যেখানেই যাও না কেন, তোমরাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তোমরা কেবল বাংলাদেশের নও, বরং বৈশ্বিক নাগরিক; তাই অর্জিত জ্ঞান ও গবেষণার মাধ্যমে বিশ্বকে সেবা করবে। তোমাদের মার্জিত আচরণের মধ্য দিয়েই প্রমাণিত হবে যে তোমরা একটি ‘রয়্যাল ডিপার্টমেন্টের’ শিক্ষার্থী।”
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইংলিশ উইকের আহ্বায়ক মো. হারুন বলেন, “শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর সার্বিক উন্নয়ন। বিদায়ী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করার পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই এবং নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলতে চাই, ভাষাগত উন্নয়নই অন্যান্য সকল উন্নয়নের মূল ভিত্তি।”









