
নবীন শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ‘ক্যাম্পাসের ক্যানভাসে সাংবাদিকতা-২০২৬’ এর আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।
গত ২৫ ও ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
আবু শামার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রাজীব, সাধারণ সম্পাদক চৌধুরী আবদুল্লাহ মাছাবিহ্, অর্থ সম্পাদক ম. জুবায়ের হোসাইন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, কমিটির কার্যনির্বাহী সদস্য, এবং সমিতির সদস্য ও সহযোগী নবীন শিক্ষার্থীরা।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন—গ্লোবাল ইনবেস্টিগেটিব জার্নালিজম নেটওয়ার্কের (জিআইযেএন) এডিটর (বাংলা) তানভীর সোহেল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি কুতুবউদ্দিন মোহাম্মদ জসীম, সাবেক বিবিসি রিপোর্টার ও ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন, চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আখতার হাবিব এবং কুবিসাসের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার ম. জাহিদুল ইসলাম।
এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ছ’টি সেগমেন্ট ছিল। সেগুলো হলো- সাংবাদিকতার হাতেখড়ি, অনুসন্ধানী সাংবাদিকতা, অর্থনৈতিক সাংবাদিকতা, ক্যারিয়ার হিসেবে সাংবাদিকতা, টেলিভিশন সাংবাদিকতা ও ক্যাম্পাস সাংবাদিকতার কলাকৌশল।
সংগঠনের সভাপতি আবু শামা বলেন, “সাংবাদিকরা হলো রাষ্টের দর্পন। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা অনবদ্য। আমরা আমাদের কুবিসাসের একঝাক তরুণ সাংবাদিকদেরকে আরও দক্ষ, সমৃদ্ধ ও অভিজ্ঞতাসম্পন্ন করে গড়ে তুলার প্রয়াস থেকেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। আশাকরি, তারা তাদের এই দক্ষতা দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করবে।”
তিনি আরও বলেন, “খুব স্বল্প সময়ের ইনভাইটেশনে নানা ব্যস্ততার মাঝেও আমাদের ক্যাম্পাসে এসে মূল্যবান সময় দেয়ার জন্য প্রশিক্ষকদেরকে ধন্যবাদ জানাই।”










