
কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী হিসেবে ঘোষণা করে দীর্ঘদিনের দাবি পূরণের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রতি সুবিচার করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে সরকারের কাছে সরাসরি জানতে চেয়েছেন, কবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে কুমিল্লার প্রশাসনিক মর্যাদা বৃদ্ধি এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের দাবি তুলে ধরেন তিনি।
সংসদে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক ঐতিহ্য ও শিক্ষাগত পরিচিতি। মহানগরী হিসেবে পরিচিতি পেলেও এখনো মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি এ শহর। দুটি পৌরসভা একীভূত করে মহানগরী করা হলেও সেই অনুযায়ী অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। এখনো অনেক সেবা উপজেলা পর্যায় থেকে পরিচালিত হচ্ছে। এ অবস্থাকে কুমিল্লার মানুষের প্রতি অবিচার বলে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবিতে ১২ জন সংসদ সদস্য সম্মিলিতভাবে সরকারকে চিঠি দিয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ বা প্রতিকার পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা ঘোষণা করা হয়েছে। সে বিবেচনায় আগামী এক বছরের মধ্যে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি প্রত্যাশা করেন।
নিজের দীর্ঘদিনের প্রচেষ্টা ও হতাশার কথা তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনো কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন। আল্লাহ আপনাদের প্রতি সুবিচার করবেন।’
তিনি আরও বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি উত্থাপনের পর দেশে আরও অনেক বিভাগ গঠিত হয়েছে। এ বিষয়ে আরও অনেক কথা বলার থাকলেও তিনি কুমিল্লার মানুষের সম্মান রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ দেখতে চান।
সরকারের কাছে সরাসরি প্রশ্ন রেখে এই সংসদ সদস্য বলেন, ‘আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অবিলম্বে জানতে চাই, কবে কুমিল্লা বিভাগ হবে।’
বক্তব্যের একপর্যায়ে নিজের বয়সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বৃদ্ধ বয়সে এমপি হয়েছি, বসে গেলাম।’
এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রসিকতা করে বলেন, ‘কোথায় বৃদ্ধ! আপনাকে তো নওজোয়ান মনে হচ্ছে।’









