
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরের বিষয়ে কুমিল্লাবাসীর সঙ্গে আমার মতের মিল রয়েছে। কারাগারটি শহরের বাইরে নির্মাণের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে আছে বলেও জানান তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সার্কিট হাউস-এ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
জাকারিয়া তাহের সুমন বলেন, ভবন নির্মাণে অবশ্যই আইন মেনে চলতে হবে। অতীতে যারা আইন অমান্য করে উঁচু দালান নির্মাণ করেছেন, সেসব ভবন তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা সমীচীন নাও হতে পারে। তবে অবৈধভাবে নির্মিত ভবনের মালিকদের জরিমানার আওতায় আনা যেতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে বলে জানান তিনি।
কুমিল্লা শহরকে যানজটমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন মন্ত্রী। তিনি বলেন, শৈশবে যে কুমিল্লায় তিনি বেড়ে উঠেছেন, সেটি ছিল অনেক বেশি পরিবেশবান্ধব। বর্তমানে বড় বড় অট্টালিকা ও অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় নগরের পরিবেশ ও চলাচল ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। তাই সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত নগরায়নের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, নগরটিকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি বলে উল্লেখ করেন তিনি।
মতবিনিময়সভায় কুমিল্লা সিটি করপোরেশন-এর প্রশাসক মো. শাহ আলম, জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।







