
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর দিকনির্দেশনা ও পরিকল্পনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, চণ্ডীদার, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শঙ্কুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংক, বাংলাদেশি রসুন, অলিভ অয়েল, নবরত্ন তেল, ফুচকা, শাড়ি, গরু, চকলেট, ঝান্ডুবাম, মদ ও একটি সিএনজি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৪ হাজার ৮০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদকসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।”










