
তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মোট ৮৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত এই ৮৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি থেকে সর্বাধিক ২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসন থেকে।
কিছু ক্ষেত্রে একই আসনের ভিন্ন ভিন্ন উপজেলা থেকে একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলেও জানা গেছে।
দলভিত্তিকভাবে এ পর্যন্ত যেসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে রয়েছে—
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি, এনসিপি ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫টি, জাতীয়তাবাদী কৃষক দল ১টি, খেলাফত মজলিস ৫টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, এলডিপি ১টি, বাংলাদেশ কংগ্রেস ১টি, গণফ্রন্ট ১টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১টি, গণ অধিকার পরিষদ ২টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২টি, এনসিপি ১টি, জেএসডি ২টি, জাতীয় পার্টি ২টি, বাসদ ১টি, আমজনতা দল ১টি, বৃহত্তর সুন্নি জোট ১টি, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ ১টি।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
জেলা প্রশাসক ও কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে। এখন পর্যন্ত কোথাও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ সংক্রান্ত সব কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।









