
কুমিল্লার হোমনা উপজেলায় নিজ ঘরের ভেতরে প্রবাসীর স্ত্রী, সন্তান ও ভাতিজাসহ তিনজনকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
নিহতরা হলেন— মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তাদের চার বছর বয়সী ছেলে হোসাইন এবং জহিরুলের ভাই আবদুস সাত্তারের ছেলে জোবায়ের (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের খোঁজ নিতে যান। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, দুর্বৃত্তরা তিনজনকে গলা কেটে হত্যা করে ঘরের তিনটি পৃথক কক্ষে লাশ ফেলে রেখে গেছে।
হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, লাশগুলো উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এ পাঠানোর প্রক্রিয়া চলছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।










