
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (সকাল) কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।
নিহত ব্যক্তির নাম বুলেট বৈরাগী। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং চাকরির কারণে কুমিল্লার রাজগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার একটি ৯ মাস বয়সী কন্যাসন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে উঠেছিলেন বুলেট বৈরাগী। রাত আড়াইটার দিকে পরিবারের সঙ্গে তার শেষবারের মতো কথা হয়। সে সময় তিনি পদুয়ার বাজার এলাকায় নেমে বাসায় ফিরবেন বলে জানান।
তবে পরিবারের অভিযোগ, ওই সময়ের পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত ব্যক্তিরা কয়েকবার কথা বললেও পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয়রা কোটবাড়ি এলাকায় সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।









