
আজ বুধবার (২৪ ডিসেম্বর) লালমাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার লালমাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানটি পরিচালিত হয় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮(৩) ও ১৮(২) অনুযায়ী।
অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় লালমাই উপজেলার দুটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে মেসার্স এ কে ব্রিকস, দত্তপুর, বাগমারা, লালমাই, কুমিল্লা নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কিলন (চুল্লি) ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া মেসার্স এমরান ব্রিকস, সাং- অলিশ্বর, লালমাই, কুমিল্লা নামক ইটভাটায়ও মোবাইল কোর্ট পরিচালনা করে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়। এ ইটভাটার ক্ষেত্রেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিলন ভেঙে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন শাহীন আক্তার শিফা, সহকারী কমিশনার (ভূমি), লালমাই উপজেলা।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ শফিকুল ইসলাম এবং হিসাবরক্ষক মোঃ তোফায়েল মজুমদার।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও লালমাই থানা পুলিশ।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় তাদের আওতাধীন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।










