
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের গোমতী নদীর পালপাড়া এলাকায় সড়কের ওপর গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে চালকের তৎপরতায় ডাকাতির কবল থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা প্রবাসী যাত্রী ও তাদের মালামাল। এ ঘটনায় গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোমতী নদীর পালপাড়া ব্রিজ পার হয়ে বুড়িচং-মীরপুর সড়কের আছিয়াগণি স্কুলের সামনে ও পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সংলগ্ন এলাকায় সড়কের ওপর গাছ ফেলে রাখে একদল দুর্বৃত্ত।
পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সড়কের পাশে অবস্থান নিয়ে গাড়ি থামার অপেক্ষায় ছিল।
এ সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী যাত্রীদের নিয়ে একটি গাড়ি ওই এলাকায় পৌঁছালে চালকের সন্দেহ হয়। সড়কের ওপর গাছ পড়ে থাকতে দেখে তিনি দ্রুত গাড়িটি পেছনে নিয়ে সেখান থেকে চলে যান।
এতে গাড়িতে থাকা প্রবাসী যাত্রী ও তাদের সঙ্গে থাকা মালামাল ডাকাতদের কবল থেকে রক্ষা পায়।
তবে এ সময় গাড়িটির গ্লাস ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শাসনগাছা থেকে পালপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে প্রায়ই রাতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ এই সড়কে রাতের বেলায় নিরাপত্তা জোরদার এবং ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’











